Sylhet Today 24 PRINT

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনাকে সমর্থন!

সিলেটটুডে ডেস্ক: |  ১৫ ডিসেম্বর, ২০২২

দুধ দিয়ে গোসল করে ফুটবল খেলায় আর্জেন্টিনা দলকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন ঈমান আলী নামের এক ব্রাজিল সমর্থক।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলার মাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। ঈমান ফুলবাড়ী ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

এক মিনিট ৩৮ সেকেন্ডের দুধ দিয়ে গোসল করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, বালতিতে দুধ রাখা। সেখান থেকে আকাশি রঙের একটি বদনায় করে ঈমান আলীর মাথায় দুধ ঢালছেন স্থানীয় আর্জেন্টিনার সমর্থক মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, ‘ঈমান আলী ব্রাজিলের সমর্থক ছিলেন। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের হারের পর সে মনোবল হারিয়ে ফেলে। কিন্তু যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়েছে, সেই ক্রোয়েশিয়া তিন গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। এ কারণে ঈমান আলী আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হতে চায়। আজ (বৃহস্পতিবার) বিকেলে মাছকুটি গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে তাকে দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার সমর্থকদের দলভুক্ত করলাম।’

ঈমান আলী জানান, ‘ছোটবেলা থেকে ব্রাজিলের ভক্ত ছিলাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি কখনো ভাবতে পারিনি। দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারেন নি নেইমার। আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। আজ থেকে আমি আর্জেন্টিনার দলকে সমর্থন করব।’

এ বিষয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ‘ব্রাজিল সাপোর্টার, বাসস্ট্যান্ড শাখা’ কমিটির সভাপতি নাহিদ হাসান বলেন, ‘দল হেরে যাওয়ায় ব্রাজিল সমর্থকেরা মনে কষ্ট পাইছে। এ জন্য অনেকেই আর্জেন্টিনায় যাচ্ছে। তবে যারা দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করে, তারা ব্রাজিলের আসল সমর্থক নয়। এরা সুবিধাবাদী। কেউ কেউ দল পরিবর্তন করে আর্জেন্টিনায় যুক্ত হওয়ায় মনে কষ্ট পাইছি। নব্য আর্জেন্টিনা সমর্থক ও তাদের দলের জন্য শুভকামনা রইল।’ - খবর কালের কন্ঠের 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.