Sylhet Today 24 PRINT

মেট্রোরেলের ভাড়া অর্ধেক করার দাবি যাত্রী কল্যাণ সমিতির

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২২

ঢাকায় প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও অংশে চালু হতে যাওয়া মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঢাকায় চলাচলরত বাসের চেয়ে মেট্রোরেলের ভাড়া দ্বিগুণ হওয়ায় এই হারকে 'অযৌক্তিক ও গণবিরোধী’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এছাড়া মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করারও দাবি জানিয়েছে যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি। শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংস্থাটি।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঢাকার সঙ্গে ভারতের কলকাতা শহরের তুলনা করে বলেন, মাথাপিছু আয় ও গড় জিডিপি বিবেচনায় নিলে প্রায় সব সূচকে সমান অবস্থানে আছে। কিন্তু কলকাতার মেট্রোরেলের তুলনায় ঢাকার মেট্রোরেলে কিলোমিটার প্রতি ভাড়া দ্বিগুণ এবং সর্বনিম্ন ভাড়া ৪ গুণ বাড়তি নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কলকাতায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ৫ রুপি বা ৬ টাকা। অথচ ঢাকায় মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। কলকাতায় মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ২৫ রুপি বা ৩১ টাকা। অন্যদিকে ঢাকায় মেট্রোরেলের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.