Sylhet Today 24 PRINT

৮ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২২

টেকনাফের খালে মাছ ধরতে যাওয়া ৮ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা করে দাবি করা হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।

অপহৃত ৮ জন হলেন- টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেন ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।

পরিবারের বরাত দিয়ে ওসি হালিম জানিয়েছেন, রোববার বিকেলে সাড়ে পাঁচটার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনিরছড়া খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাদের রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে গেছে পরিবার সূত্রে জানিয়েছে। অস্ত্রের মুখে মুখোশধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

মোস্তফা ও করিম নামে দুইভাই অপহৃত হয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিব উল্লাহ। তিনি বলেন, ‘পাহাড়ের ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ করে পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে এসে তাদের সবাইকে জিম্মি করে। পরে তাদের অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে বলে মোবাইল ফোনে জানিয়েছেন মোস্তফা। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে। পরে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করেছে।’

বাহারছড়ার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ৫নং ওযার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের অপহরণ করা আট জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মাছ শিকার করতে গিয়ে তাদের ফেরত না আসায় বিয়ষটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করেছে পরিবারগুলো।’

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.