Sylhet Today 24 PRINT

এবারও জামিন মেলেনি মির্জা ফখরুল-আব্বাসের

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০২২

নাশকতার মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মেলেনি।

বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

ফখরুল-আব্বাসের পক্ষে জামিন আবেদন করেন সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন ও জাকির হোসেন জুয়েল।

এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিনবার নাকচ করে ঢাকার চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বিএনপির শীর্ষ এই দুই নেতা।

গত ৮ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালত জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ৭ ডিসেম্বর নয়াপল্টনের সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

একই মামলায় ৮ ডিসেম্বর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, চেয়ারপারসেন বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৫০ জনকে কারাগারে পাঠানো হয়।

তবে ওই দিন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের জামিন মঞ্জুর করেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.