Sylhet Today 24 PRINT

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেন বিএনপির হারুন

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ সংসদে এসে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সংসদে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর মধ্যদিয়ে বিএনপির দলীয় সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো।

এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ।

পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ সংসদের বাইরে এসে জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি।

সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ও তার জোট আগামী নির্বাচনে অংশ না নিলে দেশে কোনো অর্থবহ নির্বাচন হবে না। অবিলম্বে তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান।

হারুন বলেন, বর্তমান সংসদ মহাজোটের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। বর্তমান সংসদকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে।
 
মহাজোটের শরীকদেরও পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির এই এমপি।

গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই বৃহস্পতিবার সকালে সশরীরে এসে পদত্যাগপত্র জমা দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.