সিলেটটুডে ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৫
ক্ষমতাসীন আওয়ামীলীগের নানামুখী বাধা বিপত্তি সত্ত্বেও আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে বিএনপি পিছু না হটে শেষ পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বিকেলে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘জনতার ঐক্যবদ্ধ শক্তি যেকোনো স্বৈরশাসকের অসৎ উদ্দেশ্যকে ব্যর্থ করে দেয়ার জন্য যথেষ্ট। আমরাও শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনের বিষয়ে খালেদা জিয়া বলেন, ‘আগামী পরশু দেশের ২শ ৩৪টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ পর্যায়ে রয়েছে। এই নির্বাচনটি খুবই তড়িঘড়ি করে ঘোষণা করা হয়েছে। রেওয়াজ থাকা স্বত্বেও সময় স্বল্পতার অজুহাতে ইলেকশন কমিশন এ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ-আলোচনার প্রয়োজন বোধ করেনি। অথচ এবারের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দলীয় ভিত্তিতে।’
এই প্রথম দলীয় প্রতীকে নির্বাচনে লড়বেন মেয়র পদপ্রার্থীরা। এ বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের দলীয় প্রতীক এই স্থানীয় নির্বাচনে মেয়র প্রার্থীদের দেয়া হয়েছে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া খুবই প্রয়োজন ছিল বলে আমরা মনে করি।"
তিনি বলেন, "দেশবাসী দেখেছেন, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন বছরের পর বছর ধরে অনুষ্ঠিত না হলেও সে ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো আগ্রহ দেখা যায়নি। শাসক দলের সুবিধাজনক সময়ের জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করেছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা পৌর নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় মাত্র ১০ দিন পিছিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু খোঁড়া যুক্তি তুলে নির্বাচন কমিশন তা মানেনি।"
নির্দলীয় সরকার না থাকায় সংসদ নির্বাচন বর্জনকারী করলেও দলীয় সরকারের অধীনেই দলীয় প্রতিকে নির্বাচনে অংশ নেয়া বিষয়ে বিএনপি নেত্রী বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আমরা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছি।