সিলেটটুডে ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০২২
দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকলেও ধীরে ধীরে কমে আসছে রোগীর সংখ্যা। তবে গত একদিনে ঢাকার তুলনায় সারাদেশে প্রায় তিন গুণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মশাবাহিত রোগটিতে মোট ৩৫৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো প্রাণহানি ঘটেনি। এতে মৃতের সংখ্যা ২৮১ জনেই স্থির আছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৮ জন ঢাকায় এবং ৪৭ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৫৯ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭০ জন। এছাড়া ঢাকার বাইরে ১৮৯ জন চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬২ হাজার ৩২১ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬১ হাজার ৬৮১ জন। আর চলতি বছর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮১ জন মারা গেছেন।
প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।