Sylhet Today 24 PRINT

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বিপর্যস্ত জনজীবন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। তবে সূর্য তাড়াতাড়ি ওঠার কারণে ঠাণ্ডা একটু কম অনুভূত হচ্ছে। এর আগে সোমবার (২ জানুয়ারি) এখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, তাপমাত্রা নিচে নামার কারণে বাড়ছে শীতের তীব্রতা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আমাদের রেকর্ড মতে, আগামীতে এখানকার শীতের তীব্রতা আরও বাড়বে।

কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকছে। এ কারণে রাতে শ্রীমঙ্গলের সড়কগুলোয় ধীরগতিতে যান চলাচল করছে।

তবে তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে। এদিকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরাও পড়েছেন শীতের কবলে। আবহাওয়া অনুকূলে না থাকায় পর্যটকেরা হোটেল বা রিসোর্টের কক্ষেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.