Sylhet Today 24 PRINT

মন্ত্রিপরিষদ সচিব হলেন মাহবুব হোসেন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২৩

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

গত ১১ ডিসেম্বর নিয়োগ পাওয়া কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হলেন তিনি। কবির বিন আনোয়ার অবসরে যাওয়ায় মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হলো।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

২০২২ সালের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে যোগদান করেন মাহবুব হোসেন। তার আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ (৮ম) ব্যাচের কর্মকর্তা মাহবুব হোসেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন সময়ে বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী/সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে সরকারের আইন, নীতি, কৌশল ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা অর্জন করেছেন।

এ ছাড়া তিনি সচিবের একান্ত সচিব, পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-প্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও দায়িত্ব পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.