Sylhet Today 24 PRINT

শহীদদের সংখ্যা বিতর্ক : খালেদার বাসভবন ঘেরাও কর্মসূচি মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৫

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা সম্পর্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবমাননাকর মন্তব্য ও সংশয়প্রকাশের প্রেক্ষিতে দেশব্যাপী চলমান প্রতিবাদ বিক্ষোভ ও নিন্দার অংশ হিসেবে খালেদা জিয়ার বাসভবন ঘেরাও কর্মসূচি দিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ি মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে তার গুলশানস্থ 'বাসভবন ঘেরাও' করা হবে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২১ ডিসেম্বর, ২০১৫ তারিখে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান ও তাদের এদেশীয় দোসরদের নির্লজ্জ ধারাবাহিকতা বজায় রেখে একাত্তরের শহীদের সংখ্যা নিয়ে কদর্য ভাষায় মন্তব্য করে বলেছেন, "আজকে বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।"

খালেদা জিয়ার একাত্তরের শহীদদের ব্যাপারে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে একাত্তরের স্বজনহারানো পরিবারগুলো ছাড়াও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি প্রচণ্ড ক্ষুব্ধ।

এই কর্মসূচি সফল করতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের মঙ্গলবার সকাল সাড়ে দশটায় গুলশান-২ এর গোলচত্বরে জমায়েত হতে বিশেষ অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.