Sylhet Today 24 PRINT

তারেক-জোবাইদার সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২৩

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন।

এদিন গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করেন আদালত। এরপর ক্যান্টনমেন্ট থানার ওসিকে ১৯ জানুয়ারির মধ্যে তারেক ও জোবাইদার সম্পত্তি বাজেয়াপ্ত করার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।

৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক-জোবাইদাসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

২০০৮ সালে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। এরপর হাইকোর্টের নির্দেশে দীর্ঘ ১৪ বছর মামলাটির বিচারকাজ স্থগিত থাকে।

গত বছরের এপ্রিলে স্থগিতাদেশ প্রত্যাহার হলে আবার শুরু হয় বিচারকাজ। বর্তমানে তারেক রহমান ও স্ত্রী জোবাইদা রহমান লন্ডনে অবস্থান করছেন। আইনের দৃষ্টিতে তারা পলাতক।

গত বছরের ১ নভেম্বর তারেক-জোবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই দম্পতি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.