Sylhet Today 24 PRINT

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০২৩

রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সাইমন পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়।

আহত আরও অনেককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.