Sylhet Today 24 PRINT

শৈত্যপ্রবাহের মধ্যেই হতে পারে বৃষ্টি

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২৩

দেশের ১৬টি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সারাদিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একইসঙ্গে আগামী দুই দিনে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ‘মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী দুই দিনে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গতকাল রাজশাহী ও রংপুরের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এ ছাড়া খুলনা ও ঢাকা বিভাগের বেশির ভাগ স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও ঈশ্বরদীতে, সাত দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায়, ২৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।’

এদিকে ফরিদপুরে দ্বিতীয় দফার শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। আজ জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ভোর ৬ টায় ৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস থাকলেও সকাল সোয়া ৯টায় তাপমাত্রা ৯ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.