Sylhet Today 24 PRINT

গাড়ি চাপার পর নারীকে টেনেহিঁচড়ে নেওয়া সেই ঢাবি শিক্ষকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২৩

রাজধানীর শাহবাগে এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে মৃত্যুর আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় প্রাইভেটকারচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ মারা গেছেন।   

গত ডিসেম্বরের সেই ঘটনার সময় ঢাবির এই শিক্ষক গণধোলাইয়ে আহত হন। এরপর এক মাসের বেশি সময় অসুস্থ থাকার পর তিনি মারা গেলেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে বিকালের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আজহার জাফর শাহ।  

গত ২ ডিসেম্বর শাহবাগে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একটি সড়ক দুর্ঘটনায় ঘটনা ঘটে।  

ঘটনার দিন প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছিলেন, ওইদিন বিকেলে ঢাবির চারুকলার সামনে থেকে এক নারী  প্রাইভেটকারে চাপা পড়ে। এ সময় নারীর ওড়না গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। চালক গাড়িটি না থামিয়ে চালাতে থাকেন। ওই নারীকে টেনেহিঁচড়ে রাজু ভাস্কর্য, ভিসি চত্বর হয়ে নীলক্ষেত পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়ে যান ঢাবির ওই সাবেক অধ্যাপক। এ সময় আশেপাশে ক্ষুব্ধ জনতা তাকে পেছন থেকে ধাওয়া দেয়। এতে গাড়িটির গতি আরও বাড়িয়ে দেন ঘাতক এই চালক। নীলক্ষেতে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে গণপিটুনি দেয়। গাড়িটিও ভাঙচুর করে জনতা। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ওই নারী মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.