Sylhet Today 24 PRINT

বগুড়ার দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০২৩

বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থী হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ জানুয়ারি) শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, আমি দুই আসনেই প্রার্থিতা ফিরে পেয়েছি, আমার নির্বাচন করতে বাধা নেই। আমি দুই আসনেই নির্বাচন করবো। আমার সঙ্গে আমার দেশবাসী আছে।

দলীয় সিদ্ধান্তে দুটি আসন থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করে ইসি। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।

শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর গরমিলের কারণ দেখিয়ে গত ৮ জানুয়ারি হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পরে প্রার্থিতা ফিরে পেতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে হাজির হয়ে হিরো আলম আপিল করেন।

গত ১২ জানুয়ারি তার আবেদন খারিজ করে দেন নির্বাচন কমিশন। সেদিনই তিনি বলেছিলেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন তিনি। সে ধারাবাহিকতায় আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন হিরো আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.