সিলেটটুডে ডেস্ক | ১৭ জানুয়ারী, ২০২৩
কুমিল্লার চান্দিনায় মডেল মসজিদের জন্য প্রায় তিন কোটি টাকা মূল্যের জমি দান করেছিলন প্রয়াত সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।
সোমবার (১৬ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ওই অনুষ্ঠানে প্রয়াত এমপি অধ্যাপক আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু কিংবা তার পরিবারের কোনো সদস্য আমন্ত্রণ পাননি।
এ নিয়ে দলের স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত, স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ-সহযোগী সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ক্ষোভ প্রকাশ করে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, আমার বাবা এ আসনের পাঁচবারের এমপি ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্যোগ মডেল মসজিদ নির্মাণের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার চান্দিনার মাধাইয়া ইউনিয়নের কলাগাঁও এলাকায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ জমি দান করে মসজিদের ভিত্তিপ্রস্তরও স্থাপন করে গেছেন।
নান্দনিক এ মসজিদের সঙ্গে তার বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাকে কিংবা তার পরিবারের কাউকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন। রাজনৈতিক সঙ্কীর্ণতা থেকে এমনটি করা হতে পারে বলে দাবি করেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ৫০টি আমন্ত্রণপত্র বিলির জন্য চান্দিনায় প্রেরণ করা হয়েছিল। স্থানীয় প্রশাসন আমন্ত্রিতদের তালিকা করে বিলি করার কথা, কারণ আমাদের নিকট তালিকা নেই। তবে জমিদাতার পরিবার আমন্ত্রণ পেয়েছে কি না তা আমার জানা নেই।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম বলেন, মডেল মসজিদ আওয়ামী লীগ সরকারের একটি দৃষ্টিনন্দন বড় প্রকল্প। চান্দিনায়ও মডেল মসজিদ উদ্বোধন হলো। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ দেওয়া হয়নি। বিষয়টি দুঃখজনক।
তবে এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মাহবুব রহমানকে বলেছিলাম আমন্ত্রণপত্র দিতে। তারা দেওয়ার কথা, হয়তো দিয়েছেন। তবে সাবেক ওই এমপির পরিবারের কেউ উপস্থিত ছিলেন কি না তা দেখার সুযোগ হয়নি, আমি ব্যস্ত ছিলাম।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ মারা যান। তখন আসনটি শূন্য হয়। পরে এ আসনে আশরাফ পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
তবে মনোনয়ন লাভ করেন ডা. প্রাণ গোপাল দত্ত। পরে ওই বছরের সেপ্টেম্বর মাসে নৌকার প্রতীকে বিনা ভোটে তিনি বিজয়ী হন। এর পর থেকে সাংসদ প্রাণ গোপালের সঙ্গে আশরাফপুত্র টিটুর রাজনৈতিক দূরত্বের সৃষ্টি হয় বলে এলাকায় ব্যাপক প্রচারণা রয়েছে।