সিলেটটুডে ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৫
২৭ ডিসেম্বর পুলিশি অভিযানে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-সদস্য অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত দেয়া হয়।
ছাত্রত্ব বাতিল হওয়া ৩ জেএমবি সদস্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তারা হলেন, নাইমুর রহমান নয়ন (২৫), মো. শওকত রাসেল (২৬) ও ফয়সাল মাহমুদ (২৬)।
নয়ন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব সাঞ্জুয়া ভিটা এলাকার মাজহারুল ইসলামের ছেলে। রাসেল কক্সবাজার জেলার মহেশখালী থানার চেয়ারম্যান বাড়ির নুরুল আমীনের ছেলে। ফয়সাল নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর মোহাম্মদপুরের মৃত ছায়দুল হকের ছেলে।
গত ২৭ ডিসেম্বর দিনভর নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জেএমবি সম্পৃক্ততার অভিযোগে চবির এই তিন ছাত্রকে আটক করেছিল নগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজার এলাকায় জেএমবির সামরিক কমান্ডার ফারদিনের আস্তানায় অভিযান চালানো হয়। এসময় অত্যাধুনিক এমকে ১১ স্নাইফার রাইফেল, গুলি, বিস্ফোরক, সেনাবাহিনীর পোশাক উদ্ধার করে ডিবি।
বর্তমানে তারা পাঁচ দিনের রিমাণ্ডে আছেন।