Sylhet Today 24 PRINT

কনকনে শীত থাকতে পারে আরও ৩ দিন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০২৩

দেশের বিভিন্ন স্থানে কনকনে শীতের অনুভূতি বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, ৭২ ঘণ্টা পর তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে।

এর আগে অধিদপ্তরের বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চতাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের পাশাপাশি মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.