Sylhet Today 24 PRINT

‘থার্টি ফার্স্টের’ অনুষ্ঠানে হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৫

ইংরেজি নতুন বছর বরণের অনুষ্ঠানে ঢাকায় হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এজন্যে তারা তাদের নাগরিকদেরও সতর্ক চলাফেরার অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এই সতর্কবার্তা দেওয়ার পর তা নিজ দেশের সতর্ক থাকতে বলেছে যুক্তরাজ্যও।

যুক্তরাষ্ট্র এর আগেও একাধিকবার তার দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছিল। এবার প্রথমবারের মত কোন অনুষ্ঠানকে ঘিরে এ সতর্কতা এলো তাদের পক্ষ থেকে। 

গত সেপ্টেম্বরে ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডের আগেও এই ধরনের একটি সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র দূতাবাস।

বাংলাদেশ সরকার সেই ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে আসছিল। মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে বলে খবর এলেও তার সত্যতা মেলেনি বলে বাংলাদেশ সরকারের দাবি।

বর্তমানে বিশ্বে বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি ‘সবচেয়ে কম’ বলে কয়েকদিন আগেই দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বাংলাদেশে খ্রিস্টীয় নতুন বছরের অনুষ্ঠান রাজধানীতে মূলত অভিজাত হোটেল ও ক্লাবগুলোতে হয়ে থাকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও তরুণ-তরুণীরা বর্ষবরণের আনন্দে মাতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.