Sylhet Today 24 PRINT

নিপাহ ভাইরাস: সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২৩

দেশের অনেকগুলো জেলা নিপাহহ ভাইরাসের ঝুঁকিতে থাকার প্রেক্ষাপটে হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের সেবা দেওয়ার সময় সর্তকতামূলক ব্যবস্থা নিতে চিকিৎসকদের প্রতি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২০টি শয্যা প্রস্তুত করে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বছর শীত মৌসুমে দেশের ৬টি জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত ৯ জনকে শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আইডিসিআর বলছে, ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত দেশের ৩৩টি জেলায় নিপাহ ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদ্প্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার ভারপ্রাপ্ত পরিচালক ডা. শেখ দাউদ আদনানের স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের বিভিন্ন হাসপাতালের পরিচালক, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সংগঠনের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

এতে কর্তব্যরত চিকিৎসকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলা হয়, রোগী দেখার সময় অবশ্যই মাস্ক পরতে হবে। রোগী দেখার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। জ্বরের উপসর্গ দেখা গেলে রোগীকে অবশ্যই আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে। জ্বরের পাশাপাশি রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে রোগীকে হাসপাতালের আইসিইউতে রাখতে হবে। আইসিইউতে চিকিৎসাধীন রোগীর পরিচর্যাকারীরা শুধু গ্লাভস, মাস্ক পরলেই হবে।

নিপাহ ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় না বলে জানিয়েছ স্বাস্থ্য অধিদপ্তর।

গত রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে এক সভা শেষে জানিয়েছেন, চলতি শীত মৌসুমে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। নিপাহ ভাইরাস আক্রান্তদের ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।

পরদিন সোমবার নিপাহ ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ঢাকার মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১০টি আইসোলেশন শয্যা এবং ১০টি আইসিইউ শয্যা প্রস্তুত করে রাখার নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.