Sylhet Today 24 PRINT

করের হার নয়, করদাতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভির সৌজন্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতি গতিশীল রাখতে করের হার নয়, করদাতার সংখ্যা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। যার হাওয়া আমাদের দেশেও লেগেছে। এজন্য করহার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়াতে হবে। এতে অর্থনৈতিক চাপ কমবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবন উদ্বোধন করার পর রাজস্ব সম্মেলন-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ হাসিনা।

কর ফাঁকির বিষয়ে কঠোর হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা কর ফাঁকি দেন, বা দেয়ার চিন্তা করেন তারা সেখান থেকে বেরিয়ে আসেন। কর দেয়ার পদ্ধতি ডিজিটাল হয়ে গেলে সেটা আর পারবেন না।

তিনি জানান, কর আদায়ে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করলে কর ফাঁকি দেয়ার প্রবণতা কমে আসবে। হয়রানি কমিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে করদাতার সংখ্যা বাড়াতে তাগিদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শুধু সাধারণ মানুষ বা ব্যবসায়ী না, প্রধানমন্ত্রীকেও কর দিতে হবে, সংসদ সদস্যদের কর দিতে হবে। নিজেরা আগে কর দিলে তবেই সবাই কর দিতে উৎসাহিত হবে।

শেখ হাসিনা বলেন, মানুষকে জানাতে হবে, বুঝাতে হবে যে আপনি যে কর দেন তা আপনার কাজেই লাগে। আজকে দেশের যে উন্নয়ন তার সবই হয়েছে করের টাকায়। তাই যারা এই সুফলটা ভোগ করছেন তাদের তো কিছু না কিছু দিতে হবে। রাষ্ট্র তো আর সব নিজ থেকে দিতে পারবে না।

অত্যাবশ্যকীয় ছাড়া বাকি প্রকল্প আপাতত বন্ধ রেখে অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে সরকার বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়ন কাজ যাতে ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখছে সরকার।

সরকার প্রধান বলেন, তিনটি ক্যাটাগরিতে উন্নয়ন কাজকে এগিয়ে নিতে গুরুত্ব দেয়া হচ্ছে। চলমান বিশ্ব পরিস্থিতিতে এভাবেই অর্থনীতিকে গতিশীল রাখছে সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.