সিলেটটুডে ডেস্ক | ০৬ ফেব্রুয়ারী, ২০২৩
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলজিয়ামের রানি মাথিল্ডেকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানিকে বহনকারী বিমান অবতরণ করে। রানি মাথিল্ডেকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত হিসেবে রানি মাথিল্ডের এ সফর।
এসডিজি দূত হিসেবে রানি মাথিল্ডে মেয়েদের শিক্ষা, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে লড়াই, মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের অর্জন এবং এসব ক্ষেত্রে সহায়তার দিকগুলো দেখবেন।
রানি মাথিল্ডে কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন। এটি এখন বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এসডিজি অ্যাডভোকেসি করেছেন ১৭ বিশিষ্ট ব্যক্তি। এই ব্যক্তিরা তাদের প্রভাব কাজে লাগিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, বেলজিয়ামের রানি বাংলাদেশ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ সফরে রানির সম্মানে একটি নৈশভোজের আয়োজন করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।