Sylhet Today 24 PRINT

বিদ্যানন্দসহ ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার দেশের ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৩ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মধ্যে আছেন ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।

রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে।

এবার একুশে পদক পাচ্ছেন— ভাষা আন্দোলনে খালেদা মনযুর–ই–খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান, অভিনয়ে মাসুদ আলী খান ও শিমূল ইউসুফ, সংগীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আবদুল হাকিম ও ফজল–এ–খোদা (মরণোত্তর), আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজেশ আলী খান, চিত্রকলায় কনকচাঁপা চাকমা, মুক্তিযুদ্ধে মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় মো. আবদুল মজিদ, শিক্ষায় অধ্যাপক মযহারুল ইসলাম (মরণোত্তর) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর, সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মো. সাইদুল হক, রাজনীতিতে মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে মনিরুজ্জামান।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি ‘এক টাকায় আহার’ প্রকল্পের আওতায় হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করছে। তাদের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.