Sylhet Today 24 PRINT

রাজনৈতিক সহিংসতায় ইইউর উদ্বেগ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জোটটির সদস্য দেশগুলোর ঢাকা মিশন।

রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় ইইউ ডেলিগেশনের পক্ষ থেকে এক টুইটে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে ইইউ থেকে বলা হয়েছে, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাম্প্রতিক সহিংসতার খবরে ঢাকায় ইইউ এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। ইইউ রাজনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত সব পক্ষকে শান্তিপূর্ণ ও আইনানুগ পদ্ধতিতে রাজনীতি করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করছে।”

সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। ১০ দফা দাবিতে বিএনপি ধারাবাহিকভাবে পালন করছে পদযাত্রা কর্মসূচি। অন্যদিকে বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ করে শান্তি সমাবেশ। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটছে।

বিএনপির অভিযোগ, পদযাত্রা কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় তাদের পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। অনেকের বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.