Sylhet Today 24 PRINT

আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দে হাই কোর্টের আদেশ স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

তিন বই না রাখার শর্তে অমর একুশে গ্রন্থমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাই কোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বাংলা একাডেমির আবেদনের শুনানি নিয়ে বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলা একাডেমির করা আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়েছিল বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত। বুধবার আপিল বিভাগ শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়।

আদালতে বাংলা একাডেমির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর আদর্শ স্টলের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক।

গত ৮ ফেব্রুয়ারি বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আদর্শ প্রকাশনীকে তিন বই বিক্রি না করার শর্তে স্টল বরাদ্দের নির্দেশ দেয়। বই তিনটি লো ফাহাম আবদুস সালামের লেখা ‘মিডিয়োক্রিটির সন্ধানে’, জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ ও ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’।

এবারের বইমেলায় স্টল বরাদ্দ না দেয়ায় আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুব রহমান গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট তিনটি বই প্রদর্শন, বিক্রি এবং দোকানে না রাখার শর্তে দ্রুত স্টল বরাদ্দের নির্দেশ দেয়।

পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বাংলা একাডেমি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.