Sylhet Today 24 PRINT

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

হিলির ধরন্দা এলাকায় ভারতের ৩০০ গজ অভ্যন্তরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম সীমান্তে গুলিতে একজন নিহতের তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, নিহত যুবক ২৩ বছর বয়সী শাহাবুল ইসলাম। তিনি হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ধরন্দা ফকিরপাড়ার আবুল হোসেনের ছেলে।

বিজিবির অধিনায়ক রফিকুল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবক ভারতের ৩০০ গজ ভেতরে প্রবেশ করলে বিএসএফ দুটি গুলি করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.