Sylhet Today 24 PRINT

ভারতীয় সিনেমা আমদানির পথ খুলছে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে আমদানির লিখিত প্রস্তাব দিয়েছে সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলোর মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

এর পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এ বিষয়ে পদক্ষেপ নিতে নেই কোনো অসুবিধা।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রোববার সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ভারতের চলচ্চিত্র আমদানির বিষয়ে মন্ত্রীকে লিখিত প্রস্তাব দেন।

পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, প্রদর্শক সমিতি, পরিবেশক সমিতিসহ সবাই এ ব্যাপারে একমত হয়েছে। সুতরাং এ ব্যাপারে পদক্ষেপ নিতে আর কোনো অসুবিধা নেই।’

পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতির প্রস্তাব দিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়ার পর প্রথম বছর ১০টি এবং পরের বছর ৮টি চলচ্চিত্র আনার প্রস্তাব দেয় মোর্চাটি।

সিনেমা হলে বছরের ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ২০ সপ্তাহ আমদানির চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.