Sylhet Today 24 PRINT

বাংলাদেশে ‘ফারাজ’ মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের কোনো সিনেমা হল ও সব ধরনের অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে অ্যামাজান ও নেটফ্লিক্সসহ অনলাইন প্লাটফর্মে ফারাজ সিনেমার প্রচার-প্রদর্শন বন্ধ চাওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি এ রিট দায়ের করেন হলি আর্টিজানের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ।

তার পক্ষে এ রিট দায়ের করেন অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান। রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ আইজি ও বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল (সোমবার) দিন ধার্য করেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারজানা খান নীলা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

পরে সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ঢাকা পোস্টকে বলেন, ফারাজ সিনেমা নিয়ে রিট আবেদনটির ওপর শুনানি হয়েছে। সিনেমাটির মধ্যে কী ধরনের উপাদান আছে, তা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দেখতে বলেছেন আদালত। আগামীকাল এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ফারাজ যাতে দেশের প্লাটফর্মে মুক্তি না দেওয়া হয়, সেই দাবি করে আসছেন ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ।

গত ৩ ফেব্রুয়ারি ভারতের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ফারাজ। হংসল মেহতা পরিচালিত সিনেমাটি নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। এরপর সিনেমাটির মুক্তি নিয়ে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

সিনেমা মুক্তির স্থগিতাদেশ চেয়ে আদালতে রিট করা হয়। ফারাজ সিনেমার মুক্তির ওপর কোনো নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করেছেন ভারতের দিল্লি হাইকোর্ট।

তবে আদালত শর্ত দিয়েছেন, ছবিটি পর্দায় দেখানোর সময় এই মর্মে একটি ‘ডিসক্লেইমার’ দিতে হবে যে- সিনেমাটি হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনার দ্বারা অনুপ্রাণিত হলেও এতে তুলে ধরা ঘটনাগুলো ‘সম্পূর্ণ কাল্পনিক’ (পিওর ওয়ার্ক অব ফিকশন)।

হলি আর্টিজান হামলায় নিহতদের অন্যতম অবিন্তা কবিরের মা রুবা আহমেদ অভিযোগ করেছিলেন, তার নিহত মেয়ের প্রাইভেসি লঙ্ঘন করে, পরিবারের কোনো সম্মতি না নিয়ে ও ভুল তথ্য উপস্থাপন করে এই ফারাজ সিনেমা বানানো হচ্ছে।

সিনেমার মুক্তি আটকাতে চেয়ে তিনি ভারতের আদালতের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু গত বছরের অক্টোবরে দিল্লি হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ ফারাজ সিনেমার মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন।

সিনেমাটিতে ফারাজের ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল এ সিনেমায় অভিনয় করেছেন। এটি তাদের অভিষেক চলচ্চিত্র। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি ও রেশম সাহানিসহ আরও অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.