Sylhet Today 24 PRINT

ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ২ রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্ট এ  ব্লকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ওয়েস্টের এ ব্লকে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ক্যাম্পের দুই শিশু গুলিবিদ্ধ হয়। তাদের প্রথমে উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তার ঘটাতে নতুন করে দুটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। তারাই ক্যাম্পে গোলাগুলি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.