Sylhet Today 24 PRINT

দালালি করে কারো ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২৩

গত ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি খুব হম্বিতম্বি করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘দালালি করে কারো ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশের মানুষ নিজের দেশ সম্পর্কে এখন অনেক জানে। ইতিহাস সম্পর্কে জানে। আমাদের লক্ষ্য কী সেটাও তারা জানে। আওয়ামী লীগের নীতি হচ্ছে আমরা বাংলাদেশকে গড়ে তুলব আত্মমর্যাদাশীল দেশ হিসেবে। বাঙালি জাতি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠবে। বাধা আসবেই, বাধা আসছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির সরকারবিরোধী আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এখন তারা আন্দোলন করবে সরকার উৎখাত করবে অনেক কিছু বলে যাচ্ছে। অনেক আয়োজন করেছে। আর আমাদের দেশে কিছু মানুষ থাকে যারা অসময়ে নিরব সময়ে সরব। যখন এই ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি হম্মি-তম্বি করছে, আমরাও দেখছি। তারা মিছিল করছে মিটিং করছে কোনো কিছুতে বাধা দিইনি। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তখন একটা মিছিল মিটিংও করতে পারত না। সব জায়গায় বাধা দিত। যেভাবে অত্যাচার করেছে আমাদের নেতাকর্মীদের ওপর মেয়েদের উপরে রাস্তায় ফেলে পিটিয়েছে কাপড়চোপড় ছিড়ে ফেলেছে। একদিকে ছাত্রদল একদিকে পুলিশবাহিনী দিয়ে। তারপরেও আমরা কিন্তু প্রতিশোধ নিতে যাইনি। আমরা বাংলাদেশের উন্নয়নের দিকেই নজর দিয়েছি। আমরা বাংলাদেশকে উন্নয়ন করবার জন্যই কাজ করেছি। কিন্তু ওরা আমাদের ওপর যা করেছে আমরা তার কিছুই করি নাই।

‘তার পরেও দেশে-বিদেশে গিয়ে হাহাকার করে বেড়ায় কেঁদে বেড়ায়। মনে হচ্ছে বাইরের থেকে কেউ এসে লাইন করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে সেই স্বপ্নে তারা বিভোর। হয়তো এক সময় সেটা করতে পেরেছে দালালি করে। এখন আর সেই দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশের মানুষ নিজের দেশ সম্পর্কে এখন অনেক জানে। ইতিহাস সম্পর্কে জানে। আমাদের লক্ষ্য কী সেটাও তারা জানে। ২০০১ নির্বাচনের পরপর দুইবার আমরা সরকারে এসেছি। আমরা তো জনগণের জন্য কাজ করেছি এটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না’—যোগ করেন শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.