Sylhet Today 24 PRINT

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রীরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারের ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এরপর আট শিক্ষা শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানরা যার যার বোর্ডের ফলের অনুলিপি দেন প্রধানমন্ত্রীর হাতে।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

পরে ১৬ জনশিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে এবারের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন সরকারপ্রধান।

অন্যবছর গণভবনের এই অনুষ্ঠানেই পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা জানিয়ে দেওয়া হলেও এবার তা এখনো করা হয়নি।

সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং বেলা দেড়টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরার কথা রয়েছে। তাদের সংবাদ সম্মেলনের পরেই শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

গত ১ থেকে ১৮ নভেম্বর জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এরপর ২২ থেকে ৩০ নভেম্বর ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় বসে।

ফল জানা যাবে মোবাইলে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (www.dpe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।

এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
ইবতেদায়ীর ফলের জন্য EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।

আর শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ছাড়াও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে জেএসসি-জেডিসির ফল জানা যবে।

যেকোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.