Sylhet Today 24 PRINT

নামাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলা চেয়ারম্যানকে গুলি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে প্রবীণ এই রাজনীতিবিদের ওপর সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সুশীল সমাজের লোকজন। এ ঘটনার পর উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ জানায়, শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। সেখান থেকে নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেইটে পৌঁছলে মোটরসাইকেলে আগত মুখোশধারী ৩ সন্ত্রাসী পেছন থেকে তাকে লক্ষ্য করে পর পর ৩টি গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল বলেন, এটি রাজনৈতিক কারণে হামলা না কি অন্য কোন কারণে তা প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে খোঁজে বের করার জন্য আহ্বান জানিয়েছি। এই হামলার সঙ্গে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনতে হবে। আর চেয়ারম্যান সাহেব যেনো সুস্থ হয়ে উঠে তার জন্য সবার কাছে দোয়া চাই।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মুখোশধারী ৩ দুর্বৃত্ত চেয়ারম্যান সাহেবকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.