Sylhet Today 24 PRINT

মাদক মামলায় পরীমণির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৯ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির নামে করা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৯ জুলাই দিন ঠিক করেছে আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলাম সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ দিন নির্ধারণ করেন।

সোমবার মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ থাকায় বিচারক সাক্ষ্যগ্রহণের নতুন এ তারিখ ঠিক করেন।

গত ৯ জানুয়ারি পরীমনির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

গত বছরের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। ওই সময় বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দের পর তাকে গ্রেপ্তার করা হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি, যার পরদিন তিনি কারামুক্ত হন।

২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.