সিলেটটুডে ডেস্ক | ০২ মার্চ, ২০২৩
পাটকে কৃষিপণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গত বুধবার (১ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের গেজেট জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য ঘোষণা করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এরআগে, গত ৯ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।
ওইদিন মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পাটের আঁশের ব্যবহার অনেক বেড়েছে। অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনা কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এখন থেকে পাট হবে কৃষিজাত পণ্য। এত দিন এটা কৃষিপণ্য ছিল না।