নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৫
শাহবাগ গণজাগরণ আন্দোলনের সংগঠক এফ এম শাহীনকে হত্যার হুমকি ও তার বাড়িঘর লুটপাটের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন তিনি।
সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় তার উপর এই হুমকি এসেছে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন করার কারণে হত্যার হুমকি সহ আমার বাড়িঘর লুট করার যারা চিন্তা করছেন-তাদের বলছি ভুল চিন্তা!’
প্রসঙ্গত, এফ এম শাহীন তার গ্রামের বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান হীরার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। তবে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বিদ্রোহী আওয়ামী প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে কাজ করেন এবং ওই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
এফ এম শাহীন অভিযোগ করে বলেন, বিজয়ীদের পক্ষ থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার বাড়িঘর লুটের পরিকল্পনা চলছে। এছাড়া বুধবার রাতে কালিয়া উপজেলার কার্তিকপুর গ্রামের সুভাষ বিশ্বাসের বাড়িঘরে হামলা এবং বিয়ে উপলক্ষে বাড়িতে রাখা গহনাও লুটপাট হয়েছে জানান তিনি।
তবে কালিয়া থানার ওসি সুমিত কুমার সাহা এ অভিযোগ নাকচ করে দিয়ে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোন হামলা হয় নি, বাড়িঘর ভাঙচুর হয় নি।’
শাহীনের বাড়িঘরে আক্রমণ হতে পারে এমন কোন অভিযোগ থানায় আসে নি জানিয়ে তিনি বলেন, ‘কোন অভিযোগ আসে নি। তবে নির্বাচনে আগে এমন অভিযোগ এসেছিল কিন্তু নির্বাচন পরবর্তীতে সময়ে তারা ঢাকা ফিরে যাওয়ায় কোন ব্যবস্থা নিতে পারি নি। তবে আমরা সতর্ক আছি এবং স্থানীয়ভাবে সব বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করবো।’
উল্লেখ্য, সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান ৩,৮১২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা। হিরা পান ১,৭৫৪টি ভোট।