Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০২৩

কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। রোববার (৫ মার্চ) বিকালে বালুখালী ১০ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা বাজার এলাকায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা এমদাদুল হক জানান,‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টা চলছে।’

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিল মোহাম্মদ জানান, ‘হঠাৎ করে তার শিবিরে আগুন লাগে। বাতাসের আগুন ছড়িয়ে পড়ছে। আমার লোকজনকে সরিয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি।’

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা অনেক। এই মুহুর্তে এর বাইরে কিছু বলা যাচ্ছে না।’

এর আগে গত বছরের ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিূল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে যায়। গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.