Sylhet Today 24 PRINT

সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে সায়েন্সল্যাবের ভবনে বিস্ফোরণ: সিটিটিসি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০২৩

সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল এ তথ্য জানায়।

বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ বলেন, এর বাইরে ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না তার তদন্ত চলছে।

এর আগে ফায়ার সার্ভিস বলেছে, তাদের প্রাথমিক ধারণা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।

রোববার (৫ মার্চ) বেলা ১১টার দিকে তিনতলা ওই ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। আহত ও দগ্ধ ১৪ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিস্ফোরণে ভবনটির তিনতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ইট ও জানালার কাচ উড়ে গিয়ে রাস্তা ও আশপাশের এলাকায় পড়েছে। তিনতলা ওই ভবনে বেশির ভাগই কাপড়ের দোকান ছিল। ভবনের তৃতীয় তলায় নিউ জেনারেশন, লায়রা প্রোডাক্ট, ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

নিহত তিনজনই লায়রা প্রোডাক্টের কর্মী বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন শফিকুজ্জামান, আবদুল মান্নান ও তুষার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.