সিলেটটুডে ডেস্ক | ০৭ মার্চ, ২০২৩
রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবন বিস্ফোরণের ঘটনায় ব্যাপক প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টা দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া শুরু হয়। হাসপাতালে ভর্তি আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আহতদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। সেখানে আমাদের ১১টি ইউনিট কাজ করছে।
বিস্ফোরণের আশপাশে ব্যাপক সংখ্যক উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শবর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত বিস্ফোরণের আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন।
ফায়ার সার্ভিস বলছে, ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকের থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনটির ভেতরে আরও আহত কেউ আটকা পড়েছে কিনা, তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
সন্ধ্যা পৌনে ৬টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভবন থেকে অনেককে আহত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানিয়েছেন, বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫তলা ভবন (নিচতলায় সেনিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস) এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবনই ধসে পড়েনি।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।