Sylhet Today 24 PRINT

সিদ্দিকবাজারের ভবনে আরেক লাশ উদ্ধার, মৃত্যু বেড়ে ২১

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০২৩

গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টায় মরদেহটি বিধ্বস্ত ভবন থেকে বের করে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, 'মেহেদী হাসান স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কোনো মরদেহ নেই।'

মেহেদীর বেয়াই আব্দুল সাত্তার বাবুল জানান, মরদেহটি মেহেদী হাসান স্বপনের।

এর আগে নিখোঁজ ব্যবসায়ী মেহেদী হাসান স্বপনের সন্ধানে সকাল সোয়া ৯টায় অভিযান শুরু করা হয়। তখন ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক বলেছিলেন, 'মেহেদী হাসান স্বপনের স্বজনদের দাবি, এই ভবনের নিচে তার মরদেহ পাওয়া যেতে পারে। আমরা উদ্ধার অভিযান শুরু করেছি৷'

মেহেদীর চাচাত ভাই ইত্তেহাদ লিংকন বলেছিলেন, 'ঢাকার সব হাসপাতালে এবং মর্গে খুঁজেছি, কোথাও স্বপনকে পাইনি। আমরা নিশ্চিত তাকে এখানেই পাওয়া যাবে। কারণ ঘটনার সময় তিনি ভবনেই ছিলেন৷'

নিহত স্বপন ওই ভবনের বেসমেন্টে অবস্থিত বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার। মঙ্গলবার বিকেলের এই বিস্ফারণের ঘটনায় অন্তত ১০০ জন আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.