Sylhet Today 24 PRINT

সিসিক মেয়র আরিফ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মার্চ, ২০২৩

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ। গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, মেয়র আরিফুল হক চৌধুরী গত রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, বর্তমানে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি আছেন মেয়র। তার হার্টের সমস্যা রয়েছে।

এ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘রোববার দিবাগত রাত দেড়টার দিকে মেয়র তার নিজ বাসভবনে অবস্থানকালে শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে তাৎক্ষণিক রাত ২টার দিকে তাকে শহরের মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.