Sylhet Today 24 PRINT

উন্নত চিকিৎসা নিতে ঢাকার পথে মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০২৩

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে। বুধবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

বিষয়টি  নিশ্চিত করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, গত রোববার দিবাগত আড়াইটার দিকে মেয়র আরিফুল হক চৌধুরী বাথরুমে যান। কিন্তু বাথরুম থেকে তিনি বের হয়ে আসতে পারছিলেন না, ঘেমে গিয়েছিলেন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে রাত তিনটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করা হয়। সেখানে ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে মেয়রের চিকিৎসা চলে। বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়। তাতে হার্টে মাইল্ড অ্যাটাকের আভাস পাওয়া যায়।

সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ২০১৪ সালের দিকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। তখন তার হার্টে একটি রিং পরানো হয়। হার্টের সমস্যার পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও আছে। এর আগে তিনি ঢাকায় চিকিৎসা করিয়েছিলেন। সেজন্য এবারও উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় গেছেন। সেখানে ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হবেন।

ডা. জাহিদ জানান, এনজিওগ্রামের প্রয়োজন হলে সেটা ঢাকায় করানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.