Sylhet Today 24 PRINT

সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২৩

আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার ভিত্তিতে তৈরি হবে জাতীয় মেধা তালিকা। সে তালিকার ক্রমানুসারে হবে ভর্তি।

বুধবার (১৫ মার্চ) কুষ্টিয়ার দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান মেলা’ উদ্বোধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। খবর বাসসের।

শিক্ষামন্ত্রী বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তিতে হয়রানি আর ব্যয় কমেছে। তবে নতুন পদ্ধতি চালু করতে গেলে কিছু সমস্যা হতে পারে। এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে।

দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগিং’একেবারে নিষিদ্ধ। সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে র‌্যাগিং বন্ধের চেষ্টা করছি আমরা। অন্যান্য সামাজিক সমস্যার মতো র‌্যাগিংও একটি সামাজিক সমস্যা। শুধু আইন প্রণয়ন করে কিংবা শিক্ষকদের দিয়ে এটা বন্ধ হবে না। র‌্যাগিং বন্ধের মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, আইন থাকা সত্ত্বেও বিশ্বের অনেক জায়গায় এখনো র‌্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারোরই কাম্য নয়। এটি বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির, কুষ্টিয়া-১ (দৌলতপুর উপজেলা) আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান প্রমুখ।

উল্লেখ্য, ‘বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত দেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলায় ১৮টি ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ অংশ নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.