Sylhet Today 24 PRINT

র‌্যাবকে আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০২৩

র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি যেহেতু সরকারে আছি কে ভালো করছে, কে মন্দ করছে সেটা আমি দেখব। কেউ অপরাধ করলে অবশ্যই শাস্তি পাবে। পরের কথা শুনে কেউ মন খারাপ করবেন না। আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে।’

রোববার (১৯ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে তিনি এসব কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘একটি দেশ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। অনেকে তখন ঘাবড়ে গিয়েছিল। আমি বলেছিলাম, ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে সবাই বোধহয় মন খারাপ করেছিল। তবে এখন আর চিন্তা নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা অপপ্রচার চালিয়ে একটি বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছিল তাদেরও চিহ্নিত করতে হবে। কোন উদ্দেশে তারা এটা করেছে সেটাও বের করতে হবে।’

তিনি আরও বলেন, র‌্যাব প্রতিষ্ঠার ১৯ বছর কেটে গেছে। এ সময়ে সারা দেশে ১৫ ব্যাটালিয়নের এই বাহিনী বহু শ্বাসরুদ্ধকর অভিযানে নাশকতা-সন্ত্রাসবাদ দমন ছাড়াও জনকল্যাণে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.