Sylhet Today 24 PRINT

সাহেদের জামিন স্থগিতই থাকছে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০২৩

অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে সাহেদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি। পরে উত্তরা পশ্চিম থানায় র‍্যাব অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। একই বছরের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়।

করোনাকালে বহুল আলোচিত এ ঘটনায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত।

মামলার রায়ে সাহেদকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় যাবজ্জীবন ও (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুটি সাজা একত্রে চলবে বলেও রায়ে বলা হয়েছে। পরে ওই সাজার বিরুদ্ধে সাহেদ হাইকোর্টে আপিল করে জামিন আবেদন করেন। গত বছরের ৭ জুন তাকে জামিন দেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনে ওই বছরের ১২ জুন তা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এছাড়া আবেদনটি নিষ্পত্তির জন্য আপিল বিভাগে পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় সাহেদের জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিলেন আপিল বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.