Sylhet Today 24 PRINT

বাসের রেষারেষিতে বাইক আরোহী নিহত, দুই বাসে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২৩

ঢাকার সাভারে বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি বাস পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একটি বাসের চালকে আটক করেছে পুলিশ।

রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন এসব তথ্য জানান। তবে তাৎক্ষণিক নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাতে দিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন বলেন, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে আলী নূর পরিবহনের দুটি বাস পাল্লা দিয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। এ সময় বাইপাইলের দিকে আসা এক মোটরসাইকেল আরোহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এ সময় আশেপাশের লোকজন উত্তেজিত হয়ে বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক মাসুদ আল মামুন বলেন, দুই বাসের রেষারেষিতে এক বাইক চালকের মৃত্যু হয়েছে। উত্তেজিত জনতা এ সময় আলী নূর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি। একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

তিনি বলেন, এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পুড়িয়ে দেওয়া বাস দুটিকে রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.