Sylhet Today 24 PRINT

প্রথম আলো সম্পাদকের আগাম জামিন শুনানি বিকেলে

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২৩

রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের আগাম জামিন চেয়ে করা আবেদন বিকেলে শুনানি হবে।

রোববার (২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চে আবেদনটি কার্যতালিকার ৪৩০ নম্বরে রয়েছে।

এর আগে সকালে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিন চেয়ে আবেদন করা হয় বলে জানিয়েছেন মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। আবেদনে তার ৭৭ বছর বয়স ও শারীরিক অসুস্থতার যুক্তিতে জামিন চাওয়া হয়েছে।

গত ২৯ মার্চ মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় তিনি কারাগারে আছেন।

এছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন আব্দুল মালেক। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.