Sylhet Today 24 PRINT

আগামী বছরগুলোতে হজের খরচ আরও বাড়বে: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২৩

হজে গমনেচ্ছুদের চলতি বছর হজে যেতে নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে বৈশ্বিক পরিস্থিতি ও সৌদি আরবের হারাম শরীফের কাছাকাছি বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় আগামী বছরগুলোতে হজের খরচ আরও বাড়বে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

রোববার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় এরই মধ্যে সাত দফা বাড়িয়েছে সরকার। এরপরও কোটা পূরণ হচ্ছে না।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও সৌদি আরবের হারাম শরীফের নিকটবর্তী বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় এ বছর হোটেল ভাড়া নেয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে, অধিক পরিমাণ অর্থে হোটেল ভাড়া করা হচ্ছে।

সার্বিক বিবেচনায় বিভিন্ন কারণে এ বছরের হজ প্যাকেজকে হ্রাসকৃত প্যাকেজ হিসেবে ধরা যায় এবং সেই বিবেচনায় একই ধারাবাহিকতায় বলা যায় যে, আগামী বছরগুলোতে হজ প্যাকেজের মূল্য আরও বৃদ্ধি পাবে। কারণ ভেঙে ফেলা বাড়ি/হোটেল আবার গড়ে তুলতে আরও ২/৩ বছর লাগবে। এমতাবস্থায়, এ বছরের ঘোষিত হজ প্যাকেজই সর্বনিম্ন হিসেবে বিবেচনা করা যায়। সেই বিবেচনায় হজযাত্রীদের এবারের হজ প্যাকেজে নিবন্ধিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, রোববার দুপুর ২টা পর্যন্ত মোট এক লাখ ১৮ হাজার ৩১৭ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৩৭ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৮ হাজার ৩৮০ জন নিবন্ধিত হয়েছেন। এখনও কোটা পূরণে ৮ হাজার ৮৮১ জন হজযাত্রীর নিবন্ধন বাকি আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.