Sylhet Today 24 PRINT

মুক্তি পেলেন সাংবাদিক শামসুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২৩

রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সুভাষ কুমার ঘোষ বলেন, আদালত থেকে জামিনের নথি অফিসিয়ালি আমাদের কাছে পৌঁছেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে শামস কারাগার থেকে বের হয়েছেন।

এর আগে সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর সোমবার শামসের জামিন মঞ্জুর করেন।

তার বিরুদ্ধে এ মামলা ছাড়াও রাজধানীর তেজগাঁও থানায় আরেকটি মামলা রয়েছে।

সংবাদ প্রকাশের জেরে গত ২৯ মার্চ আটক করা হয় শামসুজ্জামানকে। পরে তাকে তেজগাঁ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার বিরুদ্ধে একই আইনে দ্বিতীয় মামলা হয় রমনা থানায়।

৩০ মার্চ আদালতে নেয়া হয় শামসুজ্জামানকে। পরে রমনা থানা-পুলিশ তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। ওইদিন তার জামিন আবেদন নাকচ হয়। এরপর সোমবার সকালে তার পক্ষে জামিন আবেদন করা হয়।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একজন শ্রমিকের ক্ষোভের বার্তা ছিল। ওই প্রতিবেদনটিতে স্মৃতিসৌধে ফুল বিক্রেতা শিশু সবুজ মিয়ার বক্তব্য ছিল। একই প্রতিবেদনে জাকির হোসেন নামে দিনমজুরের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’

প্রতিবেদনটির ভিত্তিতে প্রথম আলোর ফেসবুক পেজে ফটো কার্ড ছাপা হয়েছিল। এতে উদ্ধৃতিটি ছিল দিনমজুর জাকিরের আর ছবি ছিল ফুল বিক্রেতা সবুজের। ওই পোস্টে ছবি, উদ্ধৃতির এ গরমিলের পর প্রথম আলোর পক্ষ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। পরবর্তী সময়ে সংশোধনী দেয় সংবাদমাধ্যমটি।

এ নিয়ে বেসরকারি একাত্তর টিভিতে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, সাত বছরের শিশুর হাতে ১০ টাকা দিয়ে দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক ছবি তুলেছেন বলে দাবি ওই শিশু ও তার পরিবারের।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, এ ধরনের সংবাদের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে প্রথম আলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.