Sylhet Today 24 PRINT

র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৬

রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৪) এর টহল টিমের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আল-আমিন (জনি) নামে এক যুবক নিহত হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। র‌্যাব বলছে, নিহত আল আমিন (৩২) ওই এলাকায় পরিচিত ‘কালা জনি’ নামে। স্থানীয়রা তাকে ‘একজন সন্ত্রাসী’ হিসেবেই জানে।

এ ব্যাপারে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার অনুমং জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইস্টার্ন হাউজিং এলাকায় নিহত জনিকে তল্লাশির জন্য থামতে বলা হলে প্রথমে জনি র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে র‍্যাবও পাল্টা গুলি চালালে জনি গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আল আমিনের বিরুদ্ধে থানায় হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.