Sylhet Today 24 PRINT

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তৃতীয় লিঙ্গের ২২ লাখ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২৩

রাজধানীর বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ২২ লাখ টাকা সহায়তা করেছেন ট্রান্সজেন্ডার হিজড়া সম্প্রদায়ের লোকজন। রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটস্থলে হিজড়াদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা সহায়তা দেয়া হয়। এর আগে সকালে এসে এক হিজড়া ২ লাখ টাকা দেন ক্ষতিগ্রস্তদের।

বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির দিপালী হিজড়া সাংবাদিকদের বলেন, ‘গত ৩০ থেকে ৪০ বছর ধরে আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে চলেছি। আজকে তাদের এই বিপদের সময় আমরা আমাদের এবারের ঈদের যেসব কেনাকাটা রয়েছে, সেই কেনাকাটা না করে আমরা আমাদের এই ব্যবসায়ী ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। সারাদেশ থেকে ২০ লাখ টাকা আমরা তুলেছি। সেই টাকা আজ তাদের কাছে দিতে এসেছি। তারা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব।’

হিজড়াদের গুরুমা রাখি শেখ বলেন, ‘আমরা মানুষের কাছ থেকে এক-দুই টাকা করে উঠিয়ে উঠিয়ে এই টাকা জমিয়েছি। এখন আমরা সেটা মানবতার কল্যাণেই দিয়ে দিব। এই টাকা কোনো ব্যবসায়ীর হাতে হাতে দেয়া হবে না; পুরোটাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা তহবিলে জমা দেয়া হবে। সেখান থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে হাতে এই টাকা পৌঁছানো হবে।’

এই অনুদান হস্তান্তরকালে ঢাকাসহ আশপাশের গুরুমারা আসেন। শতাধিক হিজড়া এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাজধানীর উত্তরা এলাকার হিজড়াদের সর্দারনি আলেয়া হিজড়া হজের জন্য জমানো টাকা থেকে ২ লাখ টাকা বঙ্গবাজারের ব্যবসায়ীদের অনুদান হিসেবে দেন।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশা দেখে এবার হজ না করেই সেই ২ লাখ টাকা অনুদান হিসেবে ব্যবসায়ীদের দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আজ হাতে পাওয়া টাকার মধ্যে সবচেয়ে আনন্দদায়ক হলো তৃতীয় লিঙ্গের মানুষেরা ২০ লাখ টাকা দিয়েছেন। এটা আমাদের কাছে মনে হয়েছে মানবতার শ্রেষ্ঠ উদাহরণ।

‘এ কারণে আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব তাদের যেন কখনও অবহেলার চোখে না দেখেন। এখন থেকে আমরা হিজড়া জনগোষ্ঠীকে শ্রদ্ধার চোখে দেখব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.